ইয়ানূর রহমান : যশোরের কেশবপুরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মনিরুল ইসলাম (৩৫) নামে এক যুবদল কর্মীকে পিটিয়ে হত্যা করেছে রেজা হাসান সবুজের অনুসারীরা। তিনি বুধবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনঅবস্থায় মারা যান। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।
নিহত মনিরুল ইসলাম স্থানীয় যুবদলের একজন সক্রিয় কর্মী ও বরণডালি গ্রামের আলী বক্সের ছেলে ।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের সরসকাটি বাজারে পাওনা টাকা নিয়ে মনিরুল ইসলাম ও একই গ্রামের রেজা হাসান সবুজের অনুসারীদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে মনিরুল ইসলাম ছাড়াও কাশেম গাজী, জাকির হোসেন ও মিজানুর রহমান আহত
হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে যান। পরে মনিরুলের অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ
হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে
তার মৃত্যু হয়
ঘটনার পরপরই কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বরণডালি গ্রামের রেজা
হাসান সবুজ, লিটন হোসেন ও মশিয়ার রহমানকে আটক করে।
চিংড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই শামীম হোসেন জানান, নিহত মনিরুল
ইসলামের ভাই মিজানুর রহমান বাদী হয়ে কেশবপুর থানায় একটি হত্যা মামলা
দায়ের করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা
হবে।
এ বিষয়ে কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) খান শরীফুল ইসলাম বলেন, মামলায়
নাম উল্লেখ থাকা অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।#
