গুরুদাসপুরে নাজিরপুর ও চাপিলা ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ১নং নাজিরপুর ইউনিয়ন পরিষদ ও ৬নং চাপিলা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৬মে) দুপুরে নাজিরপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত সভার সভাপতি ইউপি চেয়ারম্যান মো. আইয়ুব আলী ওই বাজেট পেশ করেন।
বাজেটে মোট রাজস্ব আয় দেখানো হয়েছে ৩৫ লাখ ৭৭ হাজার ৮৫৪ টাকা ও রাজস্ব ব্যয় ৩৪ লাখ ৫৪ হাজার ৯৮৯ টাকা দেখানো হয়েছে। উন্নয়ন আয় ও ব্যয় ৩ কোটি ১৭ লাখ ৭১ হাজার ৯৪৮ টাকা দেখানো হয়েছে। এছাড়া রাজস্ব উদ্বৃত্ত ১ লাখ ২২ হাজার ৮৬৫ টাকা ধরা হয়েছে। এসময় ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. জালাল উদ্দিন, ইউপি সদস্য আব্দুর রউফ, কাচন আলী, শাহরিয়ার নাজনীন সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অপরদিকে চাপিলা ইউনিয়ন পরিষদে ২০২৫-২০২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি ইউপি চেয়ারম্যান মো. মাহাবুবুর রহমান। গত বুধবার (২৮মে) পরিষদ মিলনায়তনে বাজেট সভা হয়। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩০ লাখ ৮৫ হাজার টাকা ও ব্যয় দেখানো হয়েছে ৩০ লাখ ২৭ হাজার টাকা। উন্নয়ন আয় ও ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৪৭ লাখ ৫২ হাজার ৯৬৪ টাকা। এছাড়া রাজস্ব উদ্বৃত্ত ৫৮ হাজার টাকা দেখানো হয়েছে। সভায় ইউপি প্রশাসনিক কর্মকর্তা জালাল উদ্দিন, ইউপি সদস্য মো. সালাউদ্দিন, আব্দুল হান্নান, আব্দুর রহমান ও নাজমা খাতুনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।#